আহমেদ বেলাল
বরিশাল সদর উপজেলার বটতলা এলাকার গোড়াচাঁদ দাস রোডে অবস্থিত হালিমা খাতুন গার্লস স্কুল-এর সামনে নির্মিত একটি গতিরোধক বর্তমানে জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, গতিরোধকটি তৈরি করা হলেও সেখানে কোনো ধরনের দাগ টেনে মার্কিং কিংবা সতর্কতামূলক চিহ্ন না দেওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

বিশেষ করে মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হচ্ছেন। রাতের অন্ধকারে কিংবা দ্রুতগতিতে চলাচলের সময় চালকরা হঠাৎ গতিরোধকটি দেখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন। এতে আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। একইসঙ্গে পথচারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে গতিরোধক নির্মাণ করা হলেও যথাযথ সড়ক নির্দেশনা না থাকায় সেটি এখন উল্টো ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত গতিরোধকে সাদা রঙের দাগ, রিফ্লেক্টিভ মার্কিং এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

সামান্য সচেতনতা ও সঠিক পরিকল্পনার অভাবে প্রতিদিন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বরিশাল সিটি করপোরেশনের উচিত দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
বিজ্ঞাপন
Advertisement