সাক্ষাৎকার গ্রহণঃ ইবনে সাঈদ অঙ্কুর
নুসরাত আফরীন ইউম্না - লাক্স সুপারস্টার ২০২৫ এর মঞ্চে যিনি হয়ে উঠেছিলেন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর স্বপ্ন দেখার সাহসের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। শিরোপা না জিতেও তিনি জয় করেছেন মানুষের ভালোবাসা।আর সেটাকেই তিনি মনে করেন তার সবচেয়ে বড় অর্জন। তবে তার গল্প কেবল একটি প্রতিযোগিতার গল্প নয়; এটি এক তরুণীর ভেতরের শক্তি, বিশ্বাস আর আত্ম-অন্বেষণের গল্প। ঝলমলে আলো, ক্যামেরা আর প্রতিযোগিতার তীব্র চাপ, সবকিছুর মাঝেও ইউম্না নিজেকে আলাদা করে তুলেছেন তার স্বতঃস্ফূর্ততা, আত্মবিশ্বাস আর ভেতরের সৌন্দর্য দিয়ে। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা প্রতিভাবান প্রতিযোগীদের ভিড়ে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না। তবুও ধাপে ধাপে নিজের পারফরম্যান্স, উপস্থিত বুদ্ধি এবং আত্মপ্রকাশের মাধ্যমে তিনি পৌঁছে যান সেরাদের কাতারে লাক্স সুপারস্টার ২০২৫ বাংলাদেশ বিউটি রিয়েলিটি শো সিজন এর টপ ৫ এ।
তবে এই অর্জনের পেছনে আছে এক ভিন্ন দর্শন,ভালো থাকার দর্শন। ইউম্নার কাছে ভালো থাকা মানে বাহ্যিক সাফল্য নয়, বরং আত্মিক প্রশান্তি। তিনি বলেন, “দিন শেষে যদি নিজের কাছে প্রশ্ন করি,আমি মানুষ হিসেবে কেমন? আর যদি নিজের মন থেকেই উত্তর আসে-আমি ভালো মানুষ, আমার মন পরিষ্কার, আমি কারো ক্ষতি করছি না,তাহলেই সেটাই সবচেয়ে বড় শান্তি।”
তার এই উপলব্ধি তাকে করে তুলেছে বাস্তববাদী এবং স্থির। তিনি বিশ্বাস করেন, সুখ কোনো গন্তব্য নয়,এটি একটি অনুভূতি, যা নিজের ভেতরেই তৈরি হয়। তাই প্রতিযোগিতায় শিরোপা না পেলেও তার ভেতরের তৃপ্তি অটুট।
পছন্দের কথায়ও ফুটে ওঠে তার ব্যক্তিত্বের গভীরতা। কালো, গভীর নীল আর বেগুনি এই রঙগুলোর প্রতি তার ভালোবাসা যেন তার চিন্তার গভীরতা, আত্মমগ্নতা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন।
স্বপ্ন দেখতে জানেন ইউম্না, আর সেই স্বপ্ন তাকে এগিয়ে নিয়ে যায় আরও দূরে। পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বিস্ময় অরোরা বোরিয়ালিস নিজের চোখে দেখার ইচ্ছে তার বহুদিনের। তাই তার স্বপ্নের গন্তব্য নরওয়ে যেখানে রাতের আকাশজুড়ে নাচে সবুজ-নীল আলোর অপার্থিব খেলা। এই স্বপ্ন শুধু ভ্রমণের নয়, বরং জীবনের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার আকাঙ্ক্ষা।
পরিবার তার জীবনের সবচেয়ে শক্ত ভিত্তি। মা, বাবা আর ছোট বোন -এই তিনজনই তার জীবনের সবচেয়ে বড় সমর্থক। তাদের ভালোবাসা, সাহস আর বিশ্বাস তাকে প্রতিটি কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। ইউম্না মনে করেন, একজন মানুষের সফলতার পেছনে পরিবারের সমর্থন অনেক বড় ভূমিকা রাখে ,আর সে দিক থেকে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
জীবনের কঠিন সময়গুলোকে তিনি দেখেন ভিন্নভাবে। ভেঙে পড়ার বদলে তিনি শক্ত হয়ে দাঁড়ান। তার বিশ্বাস, “আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন। আর এই পরীক্ষার পরই তিনি আরও ভালো কিছু দেবেন। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।” এই আস্থা তাকে মানসিকভাবে দৃঢ় রাখে, তাকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি শুধু একজন পারফর্মার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করা, প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করা, ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সবকিছুই তাকে করেছে আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী। গণমাধ্যমে তার উপস্থিতি, স্টাইল, ব্যক্তিত্ব এবং স্পষ্ট বক্তব্য ইতোমধ্যেই অনেক তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিচারকদের কাছ থেকেও তিনি পেয়েছেন প্রশংসা প্রতিটি রাউন্ডে নিজেকে নতুনভাবে তুলে ধরার দক্ষতার জন্য।
নুসরাত আফরীন ইউম্নার এই যাত্রা তাই শুধুই একটি প্রতিযোগিতার নয়,এটি এক স্বপ্নবাজ, দৃঢ়চেতা তরুণীর গল্প, যিনি জানেন নিজের মূল্য, জানেন ভালো থাকার মানে, আর জানেন,সাফল্য মানে শুধু ট্রফি নয়, বরং মানুষের ভালোবাসা, নিজের প্রতি বিশ্বাস এবং এগিয়ে যাওয়ার সাহস। এই গল্পের শেষ নেই কারণ ইউম্নার পথচলা এখনো চলছে। আর এই পথচলাই ইঙ্গিত দিচ্ছে,তার সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সাফল্য, আরও উজ্জ্বল কোনো ভবিষ্যৎ।