উজিরপুর প্রতিনিধি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে জামায়াতে ইসলামীর এক নেতার ছেলের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সাতলা গ্রামের জামায়াত নেতা হালিম সরদারের ছেলে মাহফুজ সরদার টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়া শিশুটিকে তুলে নিয়ে যান। পরে বসতবাড়ির সামনে পুকুরপাড়ে মাওলানা রুহুল আমিন সরদারের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হয়।

শিশুটি চিৎকার করলে ভয়ভীতি ও হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী শিশু সাতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিজ্ঞাপন
Advertisement