কীর্তনখোলা রিপোর্ট
বিক্রিত পণ্য ফেরত না নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে ক্রেতা ও বিক্রেতার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নজরুল ইসলাম অভিযোগ, সম্প্রতি ফ্রাই পাউডারের একটি প্যাকেট ক্রয় করেন। বাড়িতে নিয়ে ব্যবহারে অপ্রয়োজনীয় হওয়ায় তিনি তা ফেরত দিতে মধ্যবাজার মেসার্স লক্ষী ভান্ডারের দোকানে যান। কিন্তু দোকান কর্তৃপক্ষ পণ্যটি ফেরত নিতে অস্বীকৃতি জানায়। ফেরত না নেয়ার কারণ জানতে চাইলে এক পর্যায়ে কথার কাটাকাটি হলে দোকানের অন্য কর্মচারীরা মিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি হুমকি ও মারধর করে।
ঘটনাটি পাতারহাট বন্দরে গত বুধবার রাত ১০.৩০-এ মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সংকর দেবনাথের দোকানে ঘটেছে । এই ঘটনার জের ধরে পরের দিন আজ মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় ক্রেতা ও সাধারণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। অনেকেই মনে করেন, ক্রেতার স্বার্থ রক্ষায় ফেরত বা পরিবর্তনের ব্যবস্থা থাকা উচিত। স্থানীয় ক্রেতা আঃ লতিফ অভিযোগ করে বলেন দোকানটির পন্যের বেশি দাম এবং কাস্টমারের সাথে দূরব্যবহার নিত্যদিনের। বড় ব্যবসায়ী হওয়ায় এর কোনো প্রতিকার নেই। বিক্ষোভের এক পর্যায়ে ঘটনাটি আরো জটিল আকার ধারণ করলে বন্দর ব্যবসায়িক সমিতির সাবেক সভাপতি মতি বেপারী এবং পৌর বিএনপি নেতা দিনু চৌধুরীর হস্তক্ষেপে উপস্থিত জনতা শান্ত হয়। তারা বন্দর ব্যবসায়িক সমিতির মাধ্যম বিষয়টি সুরাহা করবেন বলে জানা গেছে।