সাইফুল ইসলাম, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার আমতলী বন্দরের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হলদিয়া ইউনিয়নের জাহিদ হাওলাদার (৩৫) এবং চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মো. জাফর হাওলাদার (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আলীর নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খোলার কাজ চলছিল। এ সময় শ্রমিক জাহিদ হাওলাদার প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে চিৎকার শুরু করলে তাকে উদ্ধারের জন্য অপর শ্রমিক জাফর হাওলাদার ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তিনিও সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তারা সেফটি ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় করে দুই শ্রমিককে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেফটি ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইডসহ বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস জমে ছিল। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই শ্রমিকরা ভেতরে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নামানো হয়েছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শ্রমিকের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন।