ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতিমধ্যেই চায়ের দোকান থেকে পাড়া-মহল্লা পর্যন্ত আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের ঘিরে চলছে ব্যাপক জল্পনা। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা মনোনয়ন চাইছেন। তবে সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের আলোচনার কেন্দ্রে রয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার দুইবারের সাবেক সফল মেয়র প্রয়াত সাইদুর রহমান মিলন মিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং তরুণ সমাজসেবক মেহেদী হাসান সাগর।

স্থানীয় সূত্র জানায়, বোরহানউদ্দিন পৌর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৯ বছর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে পৌর এলাকায় সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়। তিনি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবেই নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে পৌরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। ২০২৪ সালের ৪ জুলাই তাঁর অকাল প্রয়াণে পুরো বোরহানউদ্দিনে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত্যুর পরও তাঁর সততা, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয়রা তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

পিতার আদর্শ অনুসরণ করে এবং তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে পৌরবাসীর সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান বড় ছেলে মেহেদী হাসান সাগর। বর্তমানে তিনি ‘সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ’-এর মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এই তরুণ সমাজসেবক ইতিমধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের আস্থাভাজন হিসেবেও পরিচিতি পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিমের বিজয়ের লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানা যায়।

বোরহানউদ্দিনের একাধিক বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলন মিয়া ছিলেন এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি আজ আর বেঁচে নেই; তবে অনেকেই মনে করেন, তাঁর বড় ছেলে মেহেদী হাসান সাগরের মাঝে তাঁর প্রতিফলন দেখা যায়। সাধারণ মানুষের ভাষ্য— বিএনপি যদি মেহেদী হাসান সাগরকে মেয়র পদে মনোনয়ন দেয়, তাহলে পৌরবাসী তাঁর মধ্যেই যেন আরেকজন ‘মিলন মিয়া’কে খুঁজে পাবেন। কারণ বাবার মতো সাগরের মধ্যেও রয়েছে বিনয় এবং মানুষের জন্য কাজ করার প্রবল আগ্রহ।স্থানীয়দের দৃঢ় মত, পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ সমাজসেবক মেহেদী হাসান সাগর প্রার্থী হলে বোরহানউদ্দিন পৌরসভায় বিজয়ের ধারা বজায় রাখা সহজ হবে। সাবেক মেয়র মিলন মিয়ার ব্যাপক জনপ্রিয়তা এবং সাগরের প্রতি জনসমর্থন তাঁকে বড় ব্যবধানে জয়ী করতে সহায়ক হবে বলে মনে করছেন ভোটাররা।

বিজ্ঞাপন
Advertisement