কীর্তনখোলা রিপোর্ট

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ ও গৌরনদীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। বাবুগঞ্জ উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর পাশের ঢালে লাবিবা ও ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক কবির হোসেন, তিনি বরগুনার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-২৩৪৬) এবং ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৩৯৭৯) বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাবিবা পরিবহনের চালক রাসেলসহ উভয় বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী গুরুতর আহত হন। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইসলাম পরিবহনের চালক কবির হোসেনকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত চালকের মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ নিয়েছি। তাদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। পাশাপাশি সড়ক স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশ জানায়, ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) মারা যান। আহতদের মধ্যে রয়েছেন- ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ। স্থানীয়রা জানান , ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে বরিশালের দিকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে মহাসড়কে মালবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সচালক নিহত ও সাতজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিসের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পড়ে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ। তিনি বলেন,অ্যাম্বুলেন্সটি মহাসড়কের মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি বড় ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে এবং নিহত চালকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement