কীর্তনখোলা ডেস্ক

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। এই প্রতিযোগিতাকে সামনে রেখে স্বল্পমেয়াদি প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার ফিটনেস কোচ লর্ড ম্যাকরনের তত্ত্বাবধানে অনুশীলন করেছে খেলোয়াড়রা। ওই সেশনেই প্রথমবারের মতো ক্যাম্পে যোগ দেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ায় আনিকাকে এএফসি পোর্টালে নিবন্ধনের ক্ষেত্রে কোনো জটিলতায় পড়তে হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর এক মাস আগে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হয়। ১০ দিনের ট্রায়াল পর্বে ফিটনেস ও পারফরম্যান্সে সন্তোষজনক প্রমাণিত হলে এশিয়ান কাপের দলে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে এই ফুটবলারের সামনে।

বাংলাদেশ নারী দলে প্রবাসী ফুটবলার হিসেবে এর আগে খেলেছেন কেবল সুমাইয়া মাতসুশিমা। এশিয়ান কাপ শুরুর অল্প সময় আগে আনিকাকে ট্রায়ালের সুযোগ দিয়েছেন দলের ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলার। তবে একই সময়ে সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার ও মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ ফুটবলারদের ক্যাম্পে না ডাকায় প্রশ্ন উঠেছে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে।

বিজ্ঞাপন
Advertisement