কীর্তনখোলা ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় আরও অগ্রগতি অর্জন করেছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী এই দুই ফুটবলারের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তাদের দলে পাওয়া যাবে।
গতকাল নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ফাহাদ করিম বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম, বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড়কে নিয়ে কাজ করছি। সুলিভান ভাইদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধিকাংশ ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’
তিনি জানান, দুই ভাইয়ের জন্মসনদ সংগ্রহ ও যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে এবং পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। এখন নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়াই বাকি, যার জন্য চলতি সপ্তাহেই সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আবেদন জমার পর দ্রুত পাসপোর্ট ইস্যু হবে বলে আমরা আশাবাদী। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৪ বা ১৫ মার্চের মধ্যে তারা ঢাকায় পৌঁছাতে পারে।’
রোনান ও ডেক্লানের নানি বাংলাদেশি হওয়ায় তারা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাদের বড় ভাই কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আরেক ভাই কাভান সুলিভান ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২৩ মার্চ শুরু হবে। সাত দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।