বাউফল প্রতিনিধি
বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তসলিম তালুকদার। সোমবার পটুয়াখালী জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তসলিম তালুকদারকে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহীদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ ও দলীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও পত্রে জানানো হয়।
তসলিম তালুকদার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে একজন পরিচিত মুখ। তিনি পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী শহীদুল আলম তালুকদারের চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৭ জানুয়ারি বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে উপজেলা বিএনপির নেতৃত্ব পুনর্গঠনের বিষয়টি আলোচনায় ছিল। নতুন দায়িত্ব পাওয়ার পর তসলিম তালুকদার বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং বাউফল উপজেলায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন।