কির্তনখোলা রিপোর্ট

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বগা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জালাল হাওলাদারের নেতৃত্বে নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। এ সময় তিনি বলেন, বিএনপিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পর দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অবহেলার শিকার হয়ে তিনি হতাশ হয়েছেন। এ কারণেই জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে তিনি একজন সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে মনে করেন এবং তার সঙ্গে রাজনীতি করাকেই শ্রেয় মনে করেছেন। পরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন বলে তিনি দাবি করেন।

সদ্য যোগদানকারী বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম বলেন, বাউফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেবল স্থানীয় পর্যায়ের নন, বরং জাতীয় পর্যায়ের একজন সম্পদ। তিনি দাবি করেন, অন্যান্য প্রার্থীদের তুলনায় ওই প্রার্থী বেশি ভদ্র, শিক্ষিত এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এসব বিবেচনায় তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান।

এর আগে একই দিন বিকেলে কালিশুরী ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও তিন নেতা জামায়াতে যোগ দেন। তারা হলেন—বাউফল যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক উল্লাহ, কালিশুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন শিকদার এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন
Advertisement