ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনের দুলারহাট থানাধীন আহম্মদপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় জামায়াতকর্মীদের হামলায় দলের আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের প্রচারণাকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আহম্মদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিরব মিয়াজী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অন্য আহতদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাত ৯টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহম্মদপুর ইউনিয়নের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আখতার মঈন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বৃহস্পতিবার আহম্মদপুর ইউনিয়নের মৃধাবাড়ি মসজিদসংলগ্ন এলাকায় বিএনপির পথসভাকে কেন্দ্র করে প্রচারণা চলাকালে জামায়াত-শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তার ভাষ্যমতে, জামায়াত নেতা আবুল কাসেমের নেতৃত্বে তারা বিএনপির বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে থাকেন। এতে বাধা দিলে জামায়াত-শিবির কর্মীরা নারী-পুরুষ মিলিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় কালো মাস্ক ও কালো পোশাক পরিহিত কিছু বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীও উপস্থিত ছিল। এদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি। এ বিষয়ে জামায়াতের আমির মীর শরিফ হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি কর্মীরাও তাদের ওপর হামলা করেছে। এ বিষয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে অবস্থান জানিয়েছে।