বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

বরিশাল জেলা এবি পার্টির সদস্য সচিব জি এম রাব্বী জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনী কার্যালয় রয়েছে। বুধবার দলের নেতা-কর্মীরা সেখানে বৈঠকে বসেছিলেন। সকাল ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী কার্যালয়ে ঢুকে এবি পার্টির নেতা-কর্মীদের মারধর করে। পরে তাদের বের করে দিয়ে কার্যালয় ভাঙচুর করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, বিএনপি বা ছাত্রদলের কেউ কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা বা ভাঙচুর করেনি। ঈগল প্রতীকের প্রার্থী পরাজয়ের আশঙ্কায় ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
Advertisement