কির্তনখোলা রিপোর্ট

বরিশালে গ্যাস সংকট গভীর আকার ধারণ করেছে। পাইপলাইনের গ্যাসের স্বল্পচাপ এবং বাজারে এলপিজি সিলিন্ডারের উঁচু দামে সাধারণ জীবন স্থবির হয়ে পড়েছে। স্থানীয় শিল্প, বাণিজ্য ও পরিবহন খাতের প্রায় ৫০ হাজারের বেশি মানুষ কর্মহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বরিশাল বিসিক শিল্প নগরীতে গ্যাসের অভাবে কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। অনেক মালিক লোকসান সামলাতে না পেরে শ্রমিক ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। এক শ্রমিক বলেন, “মেশিন না চললে মালিক বেতন দেবে কেমন করে? আমরা সংসার চালানোর জন্য আতঙ্কে আছি।” সরকারি মূল্যের তোয়াক্কা না করে খুচরা বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৭০০ু২,১০০ টাকায় বিক্রি হচ্ছে। গৃহিণীরা অভিযোগ করেন, পাইপলাইনে গ্যাস না থাকায় ও সিলিন্ডারের চড়া দামে রান্না করা কঠিন হয়ে পড়েছে।

সিএনজি পাম্পে দীর্ঘ লাইন এবং গ্যাসের ঘাটতির কারণে অটোরিকশা ও গণপরিবহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে চালকের আয় কমছে, যাত্রীদের ভোগান্তি ও যাতায়াত খরচ বেড়ে গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এলএনজি সরবরাহ বাড়ানো এবং স্থানীয় গ্যাসকূপের উৎপাদন বৃদ্ধি না হলে বেকারত্ব ও অর্থনৈতিক ক্ষতি মারাত্মক হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, সমস্যার দ্রুত সমাধান না হলে বরিশালের অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

বিজ্ঞাপন
Advertisement