কীর্তনখোলা রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলায় সব ধরনের সড়ক ও নৌপথে যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বরিশাল জেলার সর্বত্র ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে।

একই সময়ে বরিশাল জেলার সব এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং স্পিডবোট চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র নৌযান বা সাধারণ নৌকা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা (পরিচয়পত্র সাপেক্ষে), অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবাদানকারী যানবাহন, বিমানবন্দরগামী বা বিদেশফেরত যাত্রী (টিকিট বা প্রমাণ দেখাতে হবে), প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত একটি গাড়ি এবং মহাসড়ক ও বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রধান সড়কগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এ আদেশ জারি করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
Advertisement