বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে গলাকাটা শহীদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টা থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক-৬২ ইবি’র নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন—শহীদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), মো. সিরাজুল ইসলাম (৬৩), মো. মামুন খান (৩৫), মো. অসীম ব্যাপারী (২৮) ও মো. সুলতান (৪৭)। তারা সবাই বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, নগদ ৪০ হাজার ৫৯১৭ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন, ২৭ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, চারটি মোবাইল ফোন, দুটি মাদক পরিমাপক যন্ত্র এবং তিনটি ব্যাংকের চেকবই।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক কারবার ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে তারা দীর্ঘদিন ধরে অপরাধমূলক তৎপরতায় যুক্ত ছিল বলে উল্লেখ রয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দ করা মালামাল বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।