হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নকে দীর্ঘদিন ধরে অপরাধ ও সন্ত্রাসের আস্তানায় পরিণত করেছিলেন মোস্তফা সিকদার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে চরকুশুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মোস্তফা সিকদার গৌরব্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে। সেনাবাহিনী সূত্র জানায়, ৭ পদাতিক ডিভিশনের অধীনে ৪১ বীর বাহিনীর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে। ৪১ বীরের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন।

অভিযানে মোট ১২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুড়াল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক নাশ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন
Advertisement