কির্তনখোলা রিপোর্ট

বরিশালের গৌরনদীতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাহিলাড়া বাজারে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাও পাল্টা হামলা চালান। আহতরা হলেন—উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, নেতা জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার। অপরপক্ষে আহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার, তার ভাই ওমর ফারুক ও মিরাজ সরদার।

ঘটনার বিবরণে জানা যায়, ছাত্রদল নেতা জাফর অভিযোগ করেছেন, তারা স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার প্রচারণা করছিলেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতারা তাদের ওপর হামলা চালান এবং দোকান ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল আহ্বায়ক রুবেলকেও মারধর করা হয়।

অপরপক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ বলেন, তারা জাফরের ওপর হামলা করেনি, বরং জাফরের আচরণে উত্তেজিত হয়ে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বায়জিদ নিজে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন
Advertisement