কীর্তনখোলা রিপোর্ট
বিএনপির নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য এ জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও জনসভা মঞ্চ নির্মাণ কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার।
তিনি বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। জাতীয় পর্যায়ে ধারাবাহিক জনসভা কর্মসূচির কারণে আগে দু’বার তারিখ পরিবর্তন হলেও এবার নির্ধারিত দিনেই সমাবেশ অনুষ্ঠিত হবে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে ২৬ জানুয়ারি এবং পরে ২৭ জানুয়ারি জনসভার তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ৪ ফেব্রুয়ারি চূড়ান্ত করা হয়। তারেক রহমান হেলিকপ্টারে বরিশালে পৌঁছাতে পারেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।