বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জ উপজেলা থেকে বিএনপি নেতা রাজন শিকদারকে যৌথবাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
গত বছরের ৭ ডিসেম্বর এই আসনের ১১ দল সমর্থিত এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ (ব্যারিস্টার ফুয়াদ)-এর ওপর হামলার অভিযোগ রয়েছে রাজনের বিরুদ্ধে। আটক রাজন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, রাজন রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাকে আটক করে। আটকের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন। এ সময় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ঘটনাস্থলে উপস্থিত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা রাজনকে গাড়িতে করে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যান। যৌথবাহিনী জানায়, এ বিষয়ে পরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
তথ্যমতে, গত বছরের ৭ ডিসেম্বর বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সেতু নির্মাণের ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন—এমন অভিযোগ সাংবাদিকদের সামনে তুলেছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। সে সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করেন। ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে রাজনকে নেতৃত্ব দিতে দেখা যায় বলে জানা গেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, যৌথবাহিনী এখনো আটক রাজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেনি। তাকে হস্তান্তর না করা পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।