বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্য ও সম্প্রীতির এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার পাঠিয়েছেন তিনি। সোমবার (১ জুন) দুপুরে বাউফল নির্বাচন কমিশন মাঠে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে এমপির পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ড. মাসুদ এমপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাবেক পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর। তিনি নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করে ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় আব্দুল্লাহ আল ফাহাদ ড. শফিকুল ইসলাম মাসুদ এবং তাঁর প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

অনেকেই এ ঘটনাকে ‘রাজনীতির মানবিক মুখ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, মত ও পথ ভিন্ন হলেও সামাজিক সম্পর্ক, সৌজন্য ও মানবিক মূল্যবোধের জায়গা যে অটুট থাকতে পারে, এই আয়োজন তারই একটি সুন্দর উদাহরণ।

বিজ্ঞাপন
Advertisement