কীর্তনখোলা ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দলে রাখা হয়েছে মোট ২৯ জন ফুটবলার।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে প্রাথমিক দল প্রকাশ করা হয়। ঘোষিত স্কোয়াডে এবারও জায়গা হয়নি সাবেক অধিনায়ক সাবিনা খাতুনসহ কৃষ্ণা রাণী সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

প্রাথমিক দলে তরুণ ফুটবলারের সংখ্যা তুলনামূলক বেশি। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমা। ক্যাম্প চলাকালে চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। এরপর দল নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন কোচ পিটার বাটলার।

গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সিডনিতে দুটি এবং পার্থে একটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন: শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রূপনা চাকমা, স্বর্ণা রানি মণ্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।

বিজ্ঞাপন
Advertisement