কীর্তনখোলা ডেস্ক

তুরস্কের সংবাদ বিশ্লেষক হাক্কি ওজালের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন পুরোপুরি ইরান যুদ্ধের গতিপ্রকৃতির সঙ্গে জড়িত। তার বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষমতা দীর্ঘায়িত করা এবং বিচারিক প্রক্রিয়া এড়ানোর লক্ষ্যে এই দুই নেতা একটি ‘কাল্পনিক শত্রু’ নির্মাণ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছেন—এমন অভিযোগও উঠেছে। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, ট্রাম্প নিজের অভিশংসন প্রক্রিয়া ঠেকাতে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন স্থগিতের পথ খুঁজছেন। তার ঘনিষ্ঠ মহল এমন একটি নির্বাহী আদেশের খসড়া প্রণয়নের কাজ করছে, যাতে জরুরি অবস্থা জারির মাধ্যমে নির্বাচনের ওপর প্রেসিডেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে ঘুষ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত। শাস্তি এড়াতে তার জন্য যুদ্ধকালীন জরুরি অবস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধ তাকে সেই সুযোগ এনে দিলেও সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার কারণে তা কিছুটা শিথিল হয়ে আসছিল। ফলে উভয় নেতার স্বার্থেই এমন এক সংকট প্রয়োজন ছিল, যা একজনকে নির্বাচন বাতিলের সুযোগ দেবে এবং অন্যজনকে আদালতের প্রক্রিয়া থেকে দূরে রাখবে। বিশ্লেষকদের মতে, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে—নেতানিয়াহুর দীর্ঘদিনের এই দাবিকে ট্রাম্প এখন রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন। সমাজবিজ্ঞানী জঁ বদরিলার-এর ‘সিমুলেশন’ তত্ত্বের আলোকে ওজাল দেখান, ট্রাম্প প্রশাসন জনমনে এমন এক ভীতিকর বাস্তবতার চিত্র উপস্থাপন করছে, যা প্রকৃতপক্ষে বিদ্যমান নয়। ইরান থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার যে আশঙ্কা প্রচার করা হচ্ছে, তা রাজনৈতিক কৌশল বা নির্মিত বাস্তবতা বলেই তার দাবি। এই কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন বাতিল করে ক্ষমতার পথ মসৃণ করার চেষ্টা করছেন বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে মার্কিন সমাজে পড়তে শুরু করেছে। ১৯৩০-এর দশকের মহামন্দার পর প্রথমবারের মতো দেশটিতে অভিবাসীর তুলনায় দেশত্যাগীর সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তথাকথিত ‘জরুরি অবস্থা’ সৃষ্টির লক্ষ্যে বহু নিরীহ বেসামরিক নাগরিক এবং মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলা হয়েছে। যেখানে জেনেভায় পরোক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা ছিল, সেখানে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা জেনেই। লেখকের ভাষ্যে, যেমন ডিজনি ল্যান্ড একটি কৃত্রিম বা ‘হাইপার-রিয়াল’ জগৎ, তেমনি ট্রাম্পের উপস্থাপিত হুমকির চিত্রটিও এক ধরনের অলীক নির্মাণ। তবে এই সংঘাতের ফলে ইরান ও মধ্যপ্রাচ্যে যে হাজারো প্রাণহানি ঘটছে, তা নিঃসন্দেহে নির্মম বাস্তবতা।

বিজ্ঞাপন
Advertisement