কীর্তনখোলা রিপোর্ট
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে যাচ্ছেন তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গীরা। এ প্রসঙ্গে প্রায় পাঁচ দশক ধরে আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে রাজনীতি করা গোলাম সারওয়ার জমাদ্দার বলেন, ‘মঞ্জু বার্ধ্যকের কারণে শারীরিকভাবে অসুস্থ। আমরা এলাকায় মানসম্মান নিয়ে নিরাপদে রাজনীতি করতে চাই।’ সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ১০টিরও বেশি মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। জেপির রাজনীতি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দলটিতে এক ধরনের রাজনৈতিক স্থবিরতা অনুভব করছিলেন। গণমুখী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা থেকেই বিএনপিতে গেছেন। মঞ্জু অনুসারী নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। এক সপ্তাহে ছয়জন ইউপি চেয়ারম্যান ও শতাধিক সদস্যসহ সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ফলে জেপি চেয়ারম্যান মঞ্জুর এলাকায় তাঁর দল বড় ধরনের হোঁচট খেয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। মঞ্জুর নির্বাচনী এলাকা পিরোজপুর-২ আসনটি স্বরূপকাঠি, ভাণ্ডারিয়া ও কাউখালী উপজেলা নিয়ে গঠিত। ১৯৮৬ থেকে ২০১৮ পর্যন্ত তিনি এ আসন থেকে সাতবার এমপি হয়েছেন। যে প্রতীক নিয়েই তিনি মাঠে নেমেছেন, সেই প্রতীকই জয়ী হয়েছে। এমনকি ভাণ্ডারিয়া, কাউখালীসহ আশপাশের আরও কয়েকটি উপজেলায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীরা একচেটিয়া জিততেন। সংসদ নির্বাচনের জন্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করে আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে প্রার্থী হন। তবে তাঁর মনোনয়নপত্র দাখিল করা হয়নি। এখানে জোটের প্রার্থী তাঁর চাচাতো ভাই জেপি নেতা মহিবুল হোসেন মাহিম। ভাণ্ডারিয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার জমাদ্দার, নদমুলা শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার ও পৌর জেপির সাধারণ সম্পাদক মো. আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক। এ সময় ৫০ জন বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ অন্তত ৬০০ নেতাকর্মীও বিএনপিতে যোগ দেন। ১৩ জানুয়ারি ঢাকায় এসে বিএনপিতে যোগ দেন ইন্দুরকানী উপজেলা জেপির আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেযারম্যান শাহীন হাওলাদার, সদস্য সচিব ও ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ঈমন, যুগ্ম আহবায়ক ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুসহ ৩০ জন ইউপি সদস্য। ভাণ্ডারিয়া-কাউখালীসহ পিরোজপুরে একাংশ ছিল জেপির দুর্গ। আওয়ামী লীগের শেষ সময় থেকে নেতাকর্মীদের দলত্যাগ শুরু হয়। সর্বশেষ শনিবার দলত্যাগের পর জেপি সমর্থক একজন জনপ্রতিনিধিও আর নেই।