কীর্তনখোলা ডেস্ক
সরকার একুশে পদক ২০২৬-এর জন্য মনোনীতদের তালিকা ঘোষণা করেছে। এ বছর কিংবদন্তি সংগীতশিল্পী, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট দশজন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পাচ্ছেন।
পদকপ্রাপ্তরা হলেন—চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়।