কীর্তনখোলা ডেস্ক
এএফসি উইমেন’স এশিয়ান কাপের পর্দা উঠেছে রোববার। উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া শুভসূচনা করেছে। বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামছে আগামীকাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং নয়বারের শিরোপাজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আফঈদা খন্দকারদের এশিয়ান কাপ অভিযান। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
মঙ্গলবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ ও চীনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দলের কোচ ও অধিনায়করা। আফঈদা খন্দকার বলেন, ‘চীন সবদিক থেকেই শক্তিশালী। তারা এশিয়ান চ্যাম্পিয়ন এবং অভিজ্ঞ দল। কিন্তু তারা ভালো দল বলেই আমরা মাঠ ছেড়ে দেব না। আমরা লড়াই করব, ইনশাআল্লাহ ভালো ফল আসবে।’
প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানালেও চ্যাম্পিয়ন দলের প্রতি সম্মান দেখাতে ভোলেননি আফঈদা। তিনি বলেন, ‘চীনের মতো দলের বিপক্ষে খেলতে পারাও আমাদের জন্য সৌভাগ্যের। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে।’ এশিয়ার শক্তিধর চীনের বিপক্ষে এর আগে কখনও খেলেনি বাংলাদেশ, ফলে এটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এশিয়ান কাপের মঞ্চও নতুন। প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে দলটি। অস্ট্রেলিয়ায় অবস্থান ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন অধিনায়ক আফঈদা, ‘এখানে কয়েকদিন ধরে আছি, সবাই উপভোগ করছি। পরিবেশ খুব সুন্দর, অনুশীলনের মাঠগুলোও চমৎকার।’
এবার মাঠে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করে ডিফেন্ডার আফঈদা বলেন, ‘আমাদের লক্ষ্য ভালো কিছু করা। আমাদের গ্রুপে আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান—তারা সবাই শক্তিশালী দল। কোচ যেভাবে পরিকল্পনা দেবেন, আমরা সেভাবেই খেলব এবং ভালো ফলের চেষ্টা করব।’ টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপপর্বের শেষ খেলায় ৯ মার্চ উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।