এম জামান
এবারের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে গতকাল সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এসময় তারা প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বরিশাল জেলার একমাত্র মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের প্রথম দিনেই তিনি সাংবাদিক কল্যাণে তার সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে জানান, দেশনায়ক তারেক রহমান আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করেছেন আমি তা সফলভাবে পালনের চেষ্টা করবো। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক সমাজের উন্নতি না করে গণমাধ্যমের উন্নতি করা যায় না। এ সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে আমরা তা সমাধানের চেষ্টা করবো। আমাদের ৩১ দফা কর্মসূচির মধ্যেই স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে। যা আমরা যথাযথভাবে পূরণের চেষ্টা করে গণমাধ্যমের সুদিন ফিরিয়ে আনবো। মন্ত্রী বক্তৃতার শুরুতে চা-পুড়ি নিয়ে হাস্যরস করে বলেন, আমরা এক সময় এরশাদ বিরোধী আন্দোলনের আগে চা-পুড়ি খেয়ে রাজপথে মিছিল-মিটিং করতাম। তথ্য মন্ত্রীর বক্তব্যের আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনিও সরকারের প্রতিশ্রুতি রক্ষা করে স্বাধীন গণমাধ্যমের কল্যাণে কাজ করার ঘোষণা দেন। উল্লেখ্য, শপথ গ্রহণের পর গতকাল বুধবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়, যা ছিল সরকারের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক কার্যক্রম। সরকারের কার্যক্রম শুরুর প্রথম দিন তথ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ্য জনগণের সেবা করা।’ নিজ দপ্তরের যোগ দিয়ে যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে সরকার।’ পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করবো।’ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কৃষিকার্ড বিতরণ করা হবে।’ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমার ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।’ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছে তাদের কথা স্মরণে রেখেই কাজ করবো। চ্যালেঞ্জ আছে পাহাড় সমান, যে মানুষের প্রত্যাশা তা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাব।’ বিমানের টিকেট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেটের বিষয়ে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিমানের টিকেট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষায় কোনো দুর্নীতি হবে না এটা ফাইনাল। দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের জাম্প দিতে হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘জনগণের অভিপ্রায় অনুযায়ী কাজ করবো। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো। সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ার লক্ষে কাজ করব।’ স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে ভিজিট শুরু করবো হাসপাতালগুলোতে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।’ উল্লেখ্য, বরিশাল জেলার একমাত্র মন্ত্রী পদ অর্জন করায় বরিশালবাসীর দীর্ঘ দিনের চাওয়া পূরণ হয়েছে। অনেক বছর পর বরিশালবাসী জনগণের নির্বাচিত একজন পুর্নাঙ্গ মন্ত্রী পেয়েছে এই জেলায়। বরিশালের সামগ্রিক উন্নয়নে তিনি বরিশালবাসীর স্বপ্ন পূরণে কাজ করবেন বলে আশাবাদ এ অঞ্চলের সাধারন মানুষের। বরিশালে অতি দ্রুতই ভোলা থেকে গ্যাস এনে বরিশালে কল-কারখানা, মিল-ইন্ডাস্ট্রি গড়ে তুলতে তিনি কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন অনেকেই। বরিশালের উন্নয়ন নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি বরিশালের সন্তান। স্বাভাবিক ভাবেই বরিশালের উন্নয়ন আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। আমি বরিশালবাসীর পাশে থেকে বরিশালের উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করবো। এক্ষেত্রে বরিশালবাসীর সহযোগিতাও কামনা করেন একসময়কার তুখোর ছাত্রনেতা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।