একরামুল একরাম 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি কখনো স্বৈরাচারীর কাছে মাথা নত করেননি। যখনই দেশে গণতন্ত্র সংকটের মুখে পড়েছে, তখনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর বেলসপার্কে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’ ও ‘স্বাধীনতা ফোরাম-বরিশাল’-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক দুই দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু নাসের রহমাতুল্লাহ বলেন, আজ যারা মাঠে-ময়দানে বড় বড় বুলি আওড়ায়, সেই জামায়াত ইসলামও এরশাদের শাসনামলে খুনি হাসিনার সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন। তিনি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন এবং দেশের মানুষের অধিকার রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশের মানুষ ঐতিহাসিকভাবেই এসব মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়ায় বেগম জিয়া আজও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। যতদিন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী অনুভূতি বেঁচে থাকবে, ততদিন তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণার উৎস। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে। নতুন প্রজন্মের কাছে তার রাজনৈতিক জীবন ও আদর্শ তুলে ধরতে এই প্রামাণ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতা ফোরাম-বরিশালের আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, ড্যাব বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।

বিজ্ঞাপন
Advertisement