কীর্তনখোলা রিপোর্ট

ইকনিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মহানগরী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা। এর ফলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই প্রান্তে যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এর আগে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচার দাবিতে বিকেল ৩টার দিকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ গোলচত্বরে জড়ো হয় ছাত্র-জনতা। তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং একপর্যায় মহাসড়কে বসে পড়ে অবরোধ শুরু করে। অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান নাঈম, বিএম কলেজছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ মুহসীন উদ্দিনসহ অন্যান্য শিক্ষার্থী। এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’,বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ‘লীগ ধর, জেলে ভর’ ‘আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারী মহসিন উদ্দিন বলেন, “শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি অনতিবিলম্বে হত্যাকারী ও হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া অব্দি আমাদের এই লড়াই চলবেই।”  বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন,” হাদি বাংলার সাধারণের মাঝে অনন্য সাধারণ। হাদী হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের অবরোধ শুধু আজকের জন্য না,বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো।দ্রুত বিচার নিশ্চিতকরনের জন্য যতদূর যাওয়া দরকার ততদূর যেতে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ ও বরিশালবাসী প্রস্তুত ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন
Advertisement