ঝালকাঠি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না এবং থামানোও যাবে না। আমরা ওসমান হাদির আদর্শে একটি বাংলাদেশ দেখতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি শহরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে শহীদ সেলিম চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতার ওপর পুলিশের হামলার প্রতিবাদ এবং হাদি হত্যার বিচার দাবি করা হয়। মাসুমা হাদি বলেন, এ রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মেনে নেব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, জনগণ তাদের ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য ইনকিলাব মঞ্চ একাধিকবার চেষ্টা করলেও তা সফল হয়নি। দেয়ালে পিঠ ঠেকে গেলেও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। অথচ সেখানে পুলিশ নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। তিনি প্রশ্ন তুলে বলেন, যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, অথচ শাহবাগে তখন কোন ধারা জারি ছিল? সেখানে কেন ছাত্র-জনতার ওপর হামলা চালানো হলো? তিনি এই হামলার তীব্র নিন্দা জানান।

ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মাসুমা হাদি বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানেই হওয়া উচিত। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে এই প্রশাসনের মাধ্যমে কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব—সে প্রশ্ন থেকেই যায়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে একাধিক নেতাকর্মী আহত হন।

বিজ্ঞাপন
Advertisement