কীর্তনখোলা রিপোর্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। এতে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

জেনেভা থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওএইচসিএইচআর-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

বাংলাদেশ সরকার পুনরায় জানাচ্ছে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে যমুনার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।

পরদিন দুপুরের পর হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ৯৬ জন আহত হন।

বিজ্ঞাপন
Advertisement