কীর্তনখোলা রিপোর্ট

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। হালাল রুজি ছাড়া ইবাদতের প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব নয়।

রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাঘ মাসের ঈছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিনে তিনি এ বক্তব্য দেন। আখেরি মুনাজাতের আগে দুই ঘণ্টাব্যাপী মিলাদ মাহফিলে তিনি পূর্ববর্তী আওলিয়ায়ে কেরামের জীবনাচরণ তুলে ধরে বলেন, তারা অনেক সময় অল্প আহার করেও ইবাদতে নিমগ্ন থাকতেন। তিনি সমাজে সুদ ও ঘুষের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান আর্থিক ব্যবস্থায় সুদের প্রভাব থেকে মুক্ত থাকা কঠিন। নিরাপত্তার স্বার্থে সেভিংস বা ডিপোজিটের পরিবর্তে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের পরামর্শ দেন তিনি।

পীর ছাহেব কেবলা আরও বলেন, সন্দেহজনক উপার্জনের হাদিয়া বা দাওয়াত পরিহার করা উচিত। হালাল খাদ্য গ্রহণ করে ইবাদত করলে আল্লাহ তায়ালা বান্দাকে গায়েবি সাহায্যে রক্ষা করেন। তিনি স্পষ্ট করে বলেন, ছারছীনা দরবার কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়; সব দল ও মতের মানুষের জন্য দরবার উন্মুক্ত। মুনাজাতে দেশের শান্তি, শৃঙ্খলা, সার্বভৌমত্ব ও কল্যাণ কামনা করা হয়। গভীর রাতে তাহাজ্জুদের সময় আবেগঘন পরিবেশে হাজারো মুসল্লির কান্নায় আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন
Advertisement