কীর্তনখোলা ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই তরুণ ফুটবলার কিউবা মিচেল ও জায়ান আহমেদ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবে যোগ দিয়ে নিজেদের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করেছেন।
ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি-তে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার কিউবা মিচেল। ২০ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমের অবশিষ্ট সময় ক্লাবটির হয়ে খেলবেন। গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংস-এ যোগ দিয়েছিলেন তিনি। তবে গত ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান।
সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটি-এর বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় তিনি ভীষণ আনন্দিত। মাঠে নেমে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান এবং দল যেভাবে এগোচ্ছে, তাতে অবদান রাখতে আগ্রহী।
বাংলাদেশ থেকে ফেরার পরই প্রস্তাবটি পান বলে জানান কিউবা। তাঁর ভাষ্য, এজেন্ট বিষয়টি জানালে দলটির পরিকল্পনা ও সাম্প্রতিক পারফরম্যান্স তাকে আকৃষ্ট করে। সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন। জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর পাওয়া ঐতিহাসিক জয়ের ম্যাচেও দলে ছিলেন এই তরুণ মিডফিল্ডার। বর্তমানে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটি সরাসরি প্রমোশনের দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা কিংবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে ওঠাই তাদের লক্ষ্য।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলের আমেরিকান প্রবাসী লেফটব্যাক জায়ান আহমেদ যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের থার্ড ডিভিশন লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসি-এ। মঙ্গলবার ক্লাবটির হয়ে তার অভিষেক হয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠিত দলটি অল্প সময়েই সাফল্যের ইঙ্গিত দিয়েছে এবং বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এ অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে উন্নীত হবে জায়ানের দল।
ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসি-এর বিপক্ষে ম্যাচে রিমাল আল সাহরার হয়ে অভিষেক হয় জায়ানের। নির্ধারিত সময়ে ২-২ সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফটব্যাক টাইলাহ সানচেজের পরিবর্তে মাঠে নামেন তিনি।
যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ানের বাবা শরীফ আহমেদ একজন সাবেক ফুটবলার। বাবার অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলে তিনি আলোচনায় আসেন। পরে ঢাকায় ট্রায়াল দিয়ে বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব-২৩ দলে খেলেন এবং সেখানকার পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পান। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে তার অভিষেক হয়। এরপর আরও দুটি ম্যাচে অংশ নেন। গতি ও দক্ষতায় অল্প সময়েই দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন তিনি।
১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে পড়াশোনার পাশাপাশি অনুশীলন চালিয়ে যান জায়ান। সম্প্রতি কানাডায় ট্রায়াল দেওয়ার সময় তার পারফরম্যান্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবে পাঠানো হয়। সবদিক বিবেচনায় নিজের বিকাশের জন্য উপযুক্ত গন্তব্য হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছেন।