কীর্তনখোলা ডেস্ক
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান-সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ভারত কোন অবস্থান নেবে—তা নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে নয়াদিল্লি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সরাসরি নাকচ করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। মার্কিন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর এক টেলিভিশন চ্যানেলে দাবি করেছিলেন, মার্কিন নৌজাহাজ ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে। ভারত সরকার এই দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বানোয়াট মন্তব্য বিভ্রান্তিকর এবং তা থেকে সতর্ক থাকতে হবে। শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার খবরের প্রেক্ষাপটে ভারতের এই অবস্থান স্পষ্ট করা হয়েছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে হামলার মুখে পড়ে।