বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ধুলিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের এক নির্বাচনী সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। এ সময় পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ নবাগত নেতাকে বরণ করে নেন।
এ সময় বক্তব্যে হাসান খান বলেন, তিনি সততা ও ন্যায়নীতির আদর্শে উদ্বুদ্ধ হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই দলের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জামায়াতে যোগদানের কারণে যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়, সে ক্ষেত্রে তার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি।
দলীয় সূত্রে জানা গেছে, হাসান খানের সঙ্গে এ সময় তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। সমাবেশে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।