পটুয়াখালী প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁস ও নকলের সংস্কৃতি চালু করে ভবিষ্যৎ প্রজন্মকে অশিক্ষিত করে রাখা হয়েছে। রোববার বিকেলে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, নেলসন ম্যান্ডেলা বলেছিলেন—একটি দেশ ধ্বংস করতে অস্ত্রের প্রয়োজন নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই যথেষ্ট। আজ আমরা তার বাস্তব উদাহরণ দেখছি। প্রশ্নফাঁস, নকল আর অব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, জেড জেনারেশন গড়ার প্রথম ধাপ হবে শিশুদের উন্নত ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা। দ্বিতীয় ধাপ হবে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে চাকরি ও ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। তৃতীয় ধাপ হচ্ছে নারী শিক্ষা। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করা না গেলে দেশের অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে চালু করেছিলেন, যার ফলে ঘরে ঘরে শিক্ষিত মা, বোন ও কন্যা তৈরি হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন জরিপে বিএনপি এগিয়ে থাকলেও নির্বাচন সহজ হবে না। নানা ষড়যন্ত্র চলছে। তাই বিশেষ করে নারীদের ভোটকেন্দ্রে সতর্ক থাকতে হবে, যাতে কেউ কোনো ধরনের জাল ভোট দিতে না পারে।