কীর্তনখোলা ডেস্ক

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। অনেকেই তাকে স্বল্পভাষী মানুষ হিসেবেই চেনেন। সংবাদ সম্মেলনে অন্যদের মতো তাঁর মুখ থেকে কথার বন্যা বইতে দেখা যায় না; বেশির ভাগ প্রশ্নের উত্তর তিনি দেন এক বা দুই বাক্যে। কিন্তু এত সংক্ষিপ্ত উত্তরে তো সাংবাদিকদের প্রতিবেদন লেখা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আজ প্রশ্ন উঠল—আফঈদা কেন এত কম কথা বলেন? অধিনায়কের সরল উত্তর, ‘আমার মনে হয় কথার আগে কাজ করাই ভালো।’

আগামীকাল সোমবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ অনুষ্ঠিত হয়েছে প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন। সেখানে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক আফঈদাও।

বাংলাদেশ থেকে টুর্নামেন্ট কভার করতে যাওয়া এক সাংবাদিক আফঈদাকে প্রশ্ন করেন, আপনার উত্তর দেওয়ার ধরনটা বেশ আলাদা। আপনি সাধারণত এক কথায় বা এক লাইনে উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিষয়টি কি অনেকটা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের মতো? তিনিও ছোট ছোট উত্তরের জন্য পরিচিত।

জবাবে আফঈদা খন্দকার বলেন, ‘মোস্তাফিজুর ভাই যে জায়গায় আছেন, তিনি তাঁর জায়গায় সেরা। আমি তাঁকে অনুসরণ করি না। তাছাড়া আমি খুব একটা ক্রিকেট দেখি না। আমার কাছে মনে হয় কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু কাজে সবকিছু করা সম্ভব হয় না। তাই কাজ করে দেখানোই আসল—কথা না বললেও চলে।’

আগামীকালের ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশের দুটি ম্যাচ হয়েছিল সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে। প্রস্তুতির জন্য দলটি অনুশীলন করেছে সিডনির জুবিলি স্টেডিয়ামেও। সবগুলো মাঠই অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং দৃষ্টিনন্দন; এমন পরিবেশ খেলোয়াড়দের মনেও প্রশান্তি এনে দেয়। বাংলাদেশে থাকাকালে আফঈদাদের এমন মানের মাঠে অনুশীলনের সুযোগ হয়নি। সে কারণেই অস্ট্রেলিয়ার মাঠ দেখে কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন অধিনায়ক।

আজ সাংবাদিকদের আফঈদা বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলে আসছি, যদি আমাদের দেশের মাঠগুলো ভালো থাকে তাহলে আমরা আরও ভালোভাবে অনুশীলন করতে পারব এবং এতে আমাদের সুবিধা হবে। আমাদের দেশে একটি ভালো মানের মাঠ খুবই প্রয়োজন... এটি যদি দ্রুত করা যায়, তাহলে দেশের ফুটবলের জন্য অনেক উপকার হবে।’ বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন
Advertisement