কীর্তনখোলা ডেস্ক
নবগঠিত সরকারের মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিকভাবে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং সদ্যগঠিত মন্ত্রিসভা নিয়ে এনসিপির আলোচনা-পর্যালোচনা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঅঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে। যেই আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে, সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন। যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তাদের সমন্বয়েই সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে, যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবেন এবং সেগুলো সংবিধানের সমন্বয় করবেন। সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু শপথ গ্রহণের দিন বাংলাদেশের সংস্কার প্রত্যাশী জনগণ, যারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণরায় দিয়েছে, তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে; সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল শপথ গ্রহণ না করে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, একটি ভুল ব্যাখ্যা দিয়ে এবং সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে তারা বিরত থেকেছেন। এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং গণভোটে যে গণরায় এসেছে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। সরকারি দল অতিদ্রুত শপথ নেবেন বলে প্রত্যাশা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্য নেই। গণঅভ্যুত্থানের পরে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি। এটি কেবল জাতীয় সংসদ না, এই সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, প্রতিষ্ঠানগুলোর যেই সংস্কার, সেই সংস্কারগুলো নিশ্চিত করবে। এটি না হলে বাংলাদেশ সেই আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই থাকবে। ফলে দ্রুত জাতীয় সংসদ অধিবেশন ও সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি। মন্ত্রিসভা নিয়ে কিছু পর্যালোচনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে মনে হয়নি এটি পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এটি পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। এখানে একটা স্পষ্ট আঞ্চলিক বৈষম্য রয়েছে। এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি। নারীর অংশগ্রহণ বলেন, ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন, সেটা যথেষ্ট পরিমাণ হয়নি। এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় ৬০। অর্থাৎ আমরা যে তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি, জুলাইয়ে যেই তারুণ্য শক্তি বাংলাদেশকে পথ দেখিয়েছে, আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ হলো, এই মন্ত্রিসভায় ৬২ শতাংশ মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়া অপরাধ নয়, কিন্তু রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থাকা উচিত। কিন্তু যখন আপনি অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদের মন্ত্রিত্ব দেবেন, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে না। এই ব্যবসায়ীদের উল্লেখযোগ্য সংখ্যকের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। যেটি আমরা মনোনয়ন দেওয়ার সময় অভিযোগ করেছিলাম। নাহিদ ইসলাম আরও বলেন, এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরও এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম যে, এই মন্ত্রিসভাটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার, বিজয়ী দলের যে মন্ত্রিসভা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে ফ্রেশ থাকবে। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ। তিনি বলেন, এই নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।