কীর্তনখোলা ডেস্ক
শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও নাসরিন স্পোর্টস একাডেমির পর এবার নারী ফুটবল লিগের শিরোপাজয়ীদের কাতারে যুক্ত হলো রাজশাহী স্টার্স এফসি। লিগে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের লক্ষ্য সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গড়ে তোলে রাজশাহী স্টার্স। ঋতুপর্ণা, আফঈদা, শিউলি আজিম ও আলপি আক্তারের মতো দক্ষ ফুটবলারদের নিয়ে অভিষেক মৌসুমেই ট্রফি নিজেদের করে নেয় দলটি। নতুন এই ক্লাবের মেয়েরা প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরে।
শুক্রবার লিগের শেষ ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ সেনাবাহিনী। এই ম্যাচে ড্র করলেই রাজশাহীর শিরোপা নিশ্চিত হতো। অন্যদিকে লিগকে প্লে-অফে নিতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না সেনাবাহিনীর সামনে। তবে নির্ণায়ক এই ম্যাচে সেনাবাহিনীকে পরাজিত করেই উৎসবে মাতে ঋতুপর্ণা-আফঈদারা। ৩-০ গোলের জয় তুলে নিয়ে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী স্টারস। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছে। যদিও বলের নিয়ন্ত্রণে রাজশাহীর তুলনায় কিছুটা এগিয়ে ছিল সেনাবাহিনী। রাজশাহীর বেশ কয়েকটি আক্রমণ সেনাবাহিনীর ডিফেন্সেই আটকে যায়। প্রথমার্ধে রাজশাহীকে গোলশূন্য রাখা সম্ভব হলেও দ্বিতীয়ার্ধে সেই প্রতিরোধ আর টেকেনি।
বিরতির পর মাঠে ফিরে দ্রুতই গোলের দেখা পায় রাজশাহী। ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে সেনাবাহিনীর রক্ষণভাগ ভেঙে দেন সৌরভী আকন্দ প্রীতি। তার বাড়ানো বল আলতো স্পর্শে জালে পাঠান আলপি। ম্যাচের ৫৯তম মিনিটে ব্যবধান ২-০ করেন শাহেদা আক্তার রিপা। ঋতুপর্ণার বাড়ানো ক্রস থেকে সরাসরি শটে গোল আদায় করেন এই ফরোয়ার্ড। ৮৮তম মিনিটে নিজের নামের পাশে গোল যোগ করে রাজশাহীর তৃতীয় গোলটি করেন ঋতুপর্ণা। মৌসুমে ১০ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩০ পয়েন্ট সংগ্রহ করে আসর শেষ করেছে রাজশাহী। অন্যদিকে ২৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে সেনাবাহিনী। ৩০টি গোল করে রাজশাহীর আলপি আক্তার জিতেছেন গোল্ডেন বুট।