ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—নলছিটি পৌরসভার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, যৌথ বাহিনী মাদকদ্রব্যসহ ওই দুজনকে আটক করে এবং বৃহস্পতিবার তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।