কীর্তনখোলা ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অমর একুশে বইমেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার পরপরই সর্বসাধারণের জন্য মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।
এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে প্রবেশের সুযোগ থাকবে না।
এবারের আয়োজনে মোট ৫৪৯টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
বইমেলাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।