বরগুনা প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম (মণি)। সোমবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের তথ্য জানিয়ে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে দুজন পূর্ণমন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী দায়িত্ব পান। এবার মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেলেন নুরুল ইসলাম (মণি)। এর ফলে ঝালকাঠি বাদে বরিশাল বিভাগের বাকি পাঁচটি জেলা থেকে এবার মন্ত্রীত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এর মধ্যে বরিশাল জেলা থেকে দুজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। নুরুল ইসলাম বরগুনা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অষ্টম জাতীয় সংসদে তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। এর আগে এ বিভাগ থেকে ষষ্ঠ জাতীয় সংসদে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ চিফ হুইপ ছিলেন এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ এ দায়িত্ব পালন করেন। নুরুল ইসলাম মণি ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। পরে ২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করেন। বরিশাল বিভাগে প্রায় ৪৬ বছর পর বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি ও জোটপ্রার্থীরা ১৮টিতে জয়ী হয়েছেন। এর আগে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি এ বিভাগে ১৮টি আসনে বিজয়ী হয়েছিল। বরিশাল বিভাগ থেকে বিএনপি ও মিত্রজোটের পাঁচজন সদস্য গত ১৮ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। তাদের মধ্যে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।