পিরোজপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপি কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদারসহ সাত উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, পিরোজপুর জেলার ৪১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।
বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী এবং এদেশের মাটি ও মানুষের বাহিনী। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি পবিত্র আমানত। নিরপেক্ষ অবস্থান থেকে অবাধ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়াই আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, এই নির্বাচন আমাদের মিশন ও ভিশন। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। তাই সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।