কীর্তনখোলা রিপোর্ট
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের বিরুদ্ধে প্রার্থীদের পক্ষপাতমূলক আচরণের যে অভিযোগ উঠছে, তা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সভায় আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, সারাদেশে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।
উপকূলীয় অঞ্চলে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এবারের নির্বাচনে বিএনসিসি সদস্য, বডি ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।