কীর্তনখোলা ডেস্ক
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আগামী আসরে তাকে দেখা যাবে বার্মিংহাম ফিনিক্সের হয়ে লন্ডনে অনুষ্ঠিত নিলামের শেষ পর্যায়ে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে তাকে দলে নেয় ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
এর আগে রিশাদ হোসেনের নাম উঠলেও কোনো দল তাকে নেয়নি। ফলে এই আসরে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি থাকছেন মোস্তাফিজ। দলে প্রধান কোচ হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। এছাড়া আগেই চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকব বেথেল, রেহান আহমেদ, মিচেল ওয়েন ও ডনোভান ফেরেইরা।
চলতি বছরে আইপিএল ও পিএসএলেও দল পেয়েছিলেন মোস্তাফিজ। তবে নিরাপত্তা কারণে একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে রাখেনি। ফলে পিএসএলে অংশ নেবেন তিনি। আগামী ২১ জুলাই শুরু হবে নতুন আসর। আন্তর্জাতিক সূচি বিবেচনায় তার খেলার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।