দুমকি প্রতিনিধি

পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত জ্বলন্ত টায়ার কেন্দ্রের ভেতরে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে ভোটকেন্দ্রের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও এখনো পর্যন্ত জড়িতদের শনাক্ত করা যায়নি। আগুন দেওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তবে এতে কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
Advertisement