কীর্তনখোলা ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এ কম্পন টের পাওয়া যায়। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার নিচে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। একই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবীর একে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার বলেন, পরপর দুই দফায় ভূমিকম্পটি অনুভূত হয় এবং উৎপত্তিস্থল সাতক্ষীরাতেই ছিল।

এর আগে গত বুধবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে এবং সেটিও মাঝারি মাত্রার ছিল। আজকের ভূমিকম্প রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকা, যেমন বারাসাতেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
Advertisement