কীর্তনখোলা ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আরও একটি আসরে ফাইনাল নিশ্চিত করেছে। মালদ্বীপের রাজধানী মালেতে নেপালের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে লাল-সবুজের দল। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক। গোলটি আসে প্রথমার্ধেই। শিরোপা ধরে রাখার লক্ষ্য এবং নেপালকে সেমিফাইনাল থেকে বিদায় করার উদ্দেশ্যে নেমে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মোর্শেদ আলির চিপ পাস থেকে দারুণ হেডে গোল করেন মানিক। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে একাই এগিয়ে গিয়ে ইউসুফ আলি বল দেন রোনান সুলিভানকে। তিনি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ, তবে আর গোল পায়নি। নেপালও সমতা ফেরাতে পারেনি। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পায় নেপাল। বিগ্যান খাডকার হেড বার ঘেঁষে বাইরে চলে যায়। ৭৯তম মিনিটে সংগ্রামের আক্রমণ থেকে ক্রস পান শিমুল রাকসাম। তবে শট নেওয়ার আগেই প্রতিপক্ষের বাধায় সুযোগ নষ্ট হয়। একই সঙ্গে ফাউলের অভিযোগ উঠলেও রেফারি সাড়া দেননি। ৯০তম মিনিটে শেষ চেষ্টা করে নেপাল। প্রসাদ কৃষ্ণার ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ রক্ষণভাগ। ফিরতি শট ও বাইসাইকেল কিকের চেষ্টাও ব্যর্থ হয়। ভাগ্য সহায় থাকায় জয় ধরে রাখে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে নেপাল। তারা ভুটানকে ২-১, শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে এবং মালদ্বীপের সঙ্গে ১-১ ড্র করে শীর্ষস্থান নিশ্চিত করে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ ‘বি’ থেকে রানারআপ হয়ে সেমিফাইনালে ওঠে। পাকিস্তানকে ২-০ গোলে হারানো এবং ভারতের সঙ্গে ১-১ ড্র করার পর নকআউটে নেপালকে হারায় তারা।

বিজ্ঞাপন
Advertisement