কীর্তনখোলা ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে বিএনপির নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

তিন বাহিনীর প্রধানদের পর শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের পরে বেদীতে ওঠেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। এদিকে পুরো শহীদ মিনার এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে আবৃত রাখা হয়।

বিজ্ঞাপন
Advertisement