কীর্তনখোলা ডেস্ক
সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ভোটের সংখ্যাই প্রাথমিক ঘোষণার তুলনায় কমেছে। তবে বাতিল ভোটের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।
সংশোধিত গেজেট বিশ্লেষণে দেখা যায়, আগে ঘোষিত ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ‘হ্যাঁ’ ভোট কমে হয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি (৯ লাখ ৭৪ হাজার ৬৮০ ভোট কমেছে)। একইভাবে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি ‘না’ ভোট কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টিতে (১ লাখ ১১ হাজার ৪৯৫ ভোট কমেছে)। অন্যদিকে বাতিল ভোটের সংখ্যা আগের ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ থেকে ১২ হাজার ৫৫৯ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। ফলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ থেকে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমে বর্তমানে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭।
প্রাথমিক ফলাফলে বাতিল ভোট বাদ দিয়ে বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬। সংশোধিত গেজেটে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১, অর্থাৎ কমেছে ১০ লাখ ৮৬ হাজার ১৭৫। সামগ্রিকভাবে মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬। এত বিপুল ভোট কমার পেছনে সুনির্দিষ্ট কোনো কারিগরি কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুসারে সংবিধান সংস্কারের প্রস্তাবে জনগণের সম্মতি যাচাইয়ে এই ভোট অনুষ্ঠিত হয়। কমিশনের আদেশক্রমে জনস্বার্থে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।